ইউরোপের ক্লাবের নজরে তারিক কাজী
বাংলাদেশ ফুটবলে শেষ দুই দিন ধরে সুখবর আসছেই। ভারতকে হারানো, এরপর র্যাঙ্কিংয়ে উন্নতি। এরপর এবার দলের খেলোয়াড়রাও সুখবর পেতে শুরু করেছেন। তারিক কাজীর ওপর এবার নজর পড়ে গেছে ইউরোপিয় ক্লাবের।
রোমানিয়ান ক্লাব ডিনামো বুখারেস্ট আসছে শীতকালীন উইন্ডোয় এশিয়ান বাজারে নজর দেবে। বাংলাদেশি ফুটবলার তারিক কাজীও আছেন এই তালিকাতে। আসন্ন দিনগুলোতে তিনি তাদের প্রধান ‘ট্রান্সফার টার্গেট’ এ পরিণত হতে পারেন, জানাচ্ছে দলবদল বিষয়ক সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট।
হংকং, চায়না ম্যাচের পরপরই তিনি বোমা ফাটিয়েছিলেন রীতিমতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, বাংলাদেশের শীর্ষ ক্লাব কিংসের সঙ্গে আর থাকছেন না তিনি। চুক্তি ছিন্ন করার ঘোষণা দেন তিনি। ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী বাংলাদেশের ফুটবলে কিংসের হয়ে খেলছেন পাঁচ মৌসুম। ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন তিনি।
ক্লাবের সঙ্গে সুসম্পর্ক থাকলেও গত এক বছর বেতন নিয়ে টানাপোড়েনে তিনি কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেন। তিনি বলেন, ‘আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে কিংসের সঙ্গে আমার চুক্তি বাতিল করেছি।’
বাতিলের ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি-অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসাবেই নয়, একজন মানুষ হিসাবেও পরীক্ষা নিয়েছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে।’
তারিক অবশ্য বাংলাদেশ দলে খেলছেন ঠিকই। নেপাল ম্যাচে ৯০ মিনিট খেলেছেন, এরপর ভারতের বিপক্ষে চোট পেয়ে ২৭ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। তবে সবকিছু ব্যাটে বলে মিললে তাকে এবার দেখা যেতে পারে রোমানিয়ান লিগেও।


আপনার মতামত লিখুন