ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে ইরান

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৬
ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে ইরান

ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে ইসরায়েল দাবি করছে, এটি ‘প্রাক-প্রতিরোধমূলক হামলা’ ইরানে।

এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তিনি জানান, সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের তরফে জানানো হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়া হয়েছে। এর পরপরই দেশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে পাল্টা আঘাত হানতে ইসরায়েলি বিমান বাহিনী কাজ করছে বলেও জানানো হয়েছে।

সেনাবাহিনী সতর্ক করে বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম নয়। তাই নাগরিকদের অবশ্যই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে।