এবার মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় মায়ামি

ডেস্ক নিউজ
প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ১:১৬
এবার মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় মায়ামি

ইন্টার মায়ামি যেন লিওনেল মেসির সাবেক সতীর্থদের মেলা বসাতে চায়। দলটির কোচ এখন মেসির সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা সতীর্থ হাভিয়ের মাচেরানো। এছাড়া তার সাবেক তিন বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবাও মায়ামির জার্সি গায়ে চড়িয়েছেন।

এবার আর্জেন্টিনা দলে মেসির প্রভাবশালী সতীর্থ রদ্রিগো দে পলও এসেছেন মায়ামির রাডারে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইতোমধ্যে মায়ামির কাছ তজেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়েছেন বর্তমান স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে খেলা এই মিডফিল্ডার। আগামী জুনে আতলেতিকোর সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

টিওয়াইসি’র তথ্যমতে, ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার যদি এই প্রস্তাবে সম্মতি দেন, তবেই দর-কষাকষিতে যাবে ইন্টার মায়ামি ও আতলেতিকো। সেই অপেক্ষায় আছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

এর আগে ২০২১ সালের জুলাইতে আতলেতিকোয় যোগ দেন দে পল। এখন পর্যন্ত তিনি ক্লাবটির জার্সিতে ১৮৭ ম্যাচ খেলেছেন, ১৪ গোল করেছেন এই মাঝমাঠের তারকা।

লিওনেল স্কালোনি কোচ হওয়ার পর থেকে আর্জেন্টিনার মধ্যমাঠের প্রাণভোমরা বনে গেছেন দে পল। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই মিডফিল্ড জেনারেল।

প্রসঙ্গত, চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিল মেসি-সুয়ারেজদের মায়ামি। তবে শেষ ষোলোয় ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির কাছে ০-৪ গোলে হেরে বিদায় নেয় তারা।