কক্সবাজারের কুখ্যাত কিশোর গ্যাং প্রধান হাসনাত বাহিনী’র প্রধান গ্রেপ্তার
কক্সবাজার শহর এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘হাসনাত বাহিনী’র প্রধান আবুল হাসনাতকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২৫ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টায় কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার বাড়ি থেকে দুটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সূত্র জানায়, আবুল হাসনাত হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১টি হত্যা মামলা, ৩টি অস্ত্র মামলা, ৬টি ডাকাতি মামলা এবং অন্যান্যসহ মোট ১৯টি মামলা রয়েছে।
আটকের পর তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ‘হাসনাত বাহিনী’ দীর্ঘদিন ধরে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এই চক্রকে ধরতে সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি দীর্ঘদিন ধরে চলছিল। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে গ্যাং প্রধান আবুল হাসনাতকে আটক করা সম্ভব হয়।
সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন