কক্সবাজারের বিশিষ্ট আলেম মাওলানা নাজির হোসাইন (বড় হুজুর)-এর ইন্তেকাল; আজ বিকেলে জানাজা

ডেস্ক নিউজ
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২০
কক্সবাজারের বিশিষ্ট আলেম মাওলানা নাজির হোসাইন (বড় হুজুর)-এর ইন্তেকাল; আজ বিকেলে জানাজা

কক্সবাজার জেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম, বিশিষ্ট সমাজ সংস্কারক ও কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা নাজির হোসাইন (বড় হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য ছাত্র, ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, আজ রবিবার আসরের নামাজের পর নন্দাখালী বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মাওলানা নাজির হোসাইন ছিলেন এই অঞ্চলের আলেম সমাজের এক বটবৃক্ষ। তিনি দীর্ঘ প্রায় অর্ধশতাব্দীকাল ধরে দ্বীনি শিক্ষা ও ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি কক্সবাজারের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ ‘কক্সবাজার রহমানিয়া মাদ্রাসা’র পরিচালক (মুহতামিম) হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসাসহ এই অঞ্চলের বহু মসজিদ ও মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন।

একজন নিঃশব্দ ও নিরব বিপ্লবী সংস্কারক হিসেবে তিনি জীবনের প্রতিটি মুহূর্ত সমাজ সংস্কার এবং মহান আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে ব্যয় করেছেন। তাঁর মৃত্যুতে পুরো কক্সবাজার জেলা ও কওমি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার ধর্মপ্রাণ মানুষ মনে করছেন, মাওলানা নাজির হোসাইনের প্রয়াণে তারা একজন অভিভাবককে হারাল। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।