কক্সবাজারে ক্লাস্টার ডেভেলপমেন্ট পরিকল্পনা নিয়ে কর্মশালা,বিশ্বব্যাংকের সহায়তায় এলজিইডির প্রকল্পে ২.১ কোটি মানুষ উপকৃত হওয়ার আশা
কক্সবাজার পৌরসভাকে আধুনিক ও নান্দনিক নগরীতে রূপ দিতে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) ও ক্লাইমেট অ্যাকশন প্ল্যান (ক্র্যাপ) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) কক্সবাজার পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা হয়।
বিশ্বব্যাংকের সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)–এর বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)’–এর আওতায় এ আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান। প্রধান অতিথি ছিলেন RUTDP প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ মো. নুরুল আমিন তালুকদার। কারিগরি সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া এবং সমাজকল্যাণ কর্মকর্তা শামীমা আক্তার।
বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে সংযুক্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর অর্থনীতির মধ্যে সংযোগ জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই প্রকল্পটির মূল লক্ষ্য।
প্রথম পর্যায়ে প্রকল্পটি দেশের ৮১টি পৌরসভা ও ৬টি সিটি করপোরেশনে বাস্তবায়িত হবে, যা ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ উপকৃত হবেন, যাদের অর্ধেকই নারী।
কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন ও সুপারমার্কেট স্থাপন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং আধুনিক পৌরভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সামাজিক ও পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়।
কর্মশালায় এলজিইডি ঢাকা থেকে আগত পরিবেশ বিশেষজ্ঞ ড. কাজী আলমগীর কবির, ডিআরএম ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মো. মাকছুদুল আমিন, নগর পরিকল্পনাবিদ মো. সাইফুল ইসলাম, ডিজাইন ইঞ্জিনিয়ার সামিম আরেফিন ও সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম বক্তব্য দেন। এছাড়া টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন