কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে ছিনতাই, ২টি বন্দুকসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে একটি বসতঘর থেকে দু’টি দেশীয় বন্দুকসহ নুর আহম্মদ (২৫) নামে যুবক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়া যুবক পর্যটকদের টার্গেট করে গড়ে ওঠা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে গোদারবিল এলাকাসহ মেরিন ড্রাইভ ও পার্শ্ববর্তী অঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে।
আটক নুর টেকনাফ সদর ইউনিয়ন গোদারবিলের মকবুল আহম্মেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান।
বিজিবি জানায়, সম্প্রতি টেকনাফ উপজেলার গোদার বিল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া যায়। ওই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটক, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে সশস্ত্র পদ্ধতিতে ছিনতাই, অপহরণ এবং জবরদস্তিমূলক অর্থ আদায় করে আসছিল। পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি এলাকায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা সৃষ্টি হওয়ায় বিষয়টি বিজিবির নজরে আসে।
এই অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি বন্দুকসহ নূরকে আটক করা হয়। এসময় ইমাম হোসেনসহ চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। যেকোনো ধরণের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক নূরের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন