গ্যাস সিলিন্ডার সংকট কাটছেই না

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৩
গ্যাস সিলিন্ডার সংকট কাটছেই না

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

গ্যাস–সংকট কাটছেই না

জাকিয়া রায়হানার বসবাস ঢাকার ধানমন্ডির ৭ নম্বর সড়কে। তাঁর বাসায় তিতাসের গ্যাস–সংযোগ রয়েছে, সঙ্গে আছে ভোগান্তি। প্রয়োজনের সময় গ্যাস না পেয়ে তিনি রান্না করতে পারেন না। এই রমজান মাসে ভোগান্তি চরমে পৌঁছেছে।

জাকিয়া প্রথম আলোকে বলেন, চার দিন ধরে বাসার কোনো ফ্ল্যাটে গ্যাস নেই। আশপাশের বাসায়ও নেই। মানুষের খুব কষ্ট হচ্ছে। এভাবে চলা যায় না।

বিবিসি বাংলা

ট্রাম্পের বাসভবনে প্রবেশের চেষ্টাকালে গুলিতে নিহত অস্ত্রধারী সম্পর্কে কী জানা যাচ্ছে?

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে এক ব্যক্তি অস্ত্রসহ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

ট্রাম্পের বাসভবনের সুরক্ষিত সীমানার ভেতরে ঢুকে পড়ার পর তাকে গুলি করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি।

কালের কণ্ঠ

চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি

এ যেন এক প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা দেড় বছরের সেই বন্দিদশা আর নেই। আর সেই স্বস্তিতেই রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণখুলে তুলে ধরলেন রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁর একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী ও বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীন।

সমকাল

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করছে সরকার

সামরিক-বেসামরিক প্রশাসনে পরিবর্তন আনতে শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। এরই মধ্যে বেসামরিক প্রশাসনের শীর্ষ দুই পদে পরিবর্তন আনা হয়েছে।  গতকাল রোববার সেনাবাহিনীর আটটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ জ্যেষ্ঠ পদগুলোতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

কালের কণ্ঠ

এক বছরে ইয়াবা জব্দ দ্বিগুণ বেড়েছে, ১৬ বছরে ৩২৯ গুণ

দেশে মাদকবিরোধী অভিযানে গত এক বছরে ইয়াবা জব্দের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের সমন্বিত পরিসংখ্যান অনুযায়ী, এসব সংস্থার অভিযানে ২০২৪ সালে মোট দুই কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৭৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায়  চার কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৮১১ পিসে।

আজকের পত্রিকা

ঢাকায় ৪০১ ভাড়াটে খুনি

রাজধানী ঢাকায় গত এক বছরে আলোচিত সব হত্যাকাণ্ড ঘটিয়েছে ভাড়াটে খুনি। পুলিশের তথ্য অনুযায়ী, নির্দেশদাতারা নেপথ্যে থেকে টাকার বিনিময়ে ভাড়াটে শুটার দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসব মামলার তদন্তে নেমে রাজধানীতে সক্রিয় ৪০১ জন ভাড়াটে শুটার বা খুনিকে শনাক্ত করেছে পুলিশ। তাদের তালিকাও করেছে পুলিশ।

কালের কণ্ঠ

এখনো সক্রিয় ১২৭ কিশোর গ্যাং

ফের নতুন করে রাজধানীতে শুরু হয়েছে কিশোর গ্যাং সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড। কয়েক দিনে এই অপরাধীচক্রের বিরুদ্ধে শিশু হত্যাসহ চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে সব থানা পুলিশকে নির্দেশনা দিয়েছে ডিএমপি।

যুগান্তর

সংসদে ছড়াবে উত্তাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ মার্চ সংসদের অধিবেশন শুরু হচ্ছে। আর প্রথম অধিবেশনেই ‘সংবিধান সংস্কার পরিষদ’ ইস্যুতে উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদ। দলগুলোর বক্তব্য ও আইন বিশেষজ্ঞদের বক্তব্যে এমন ইঙ্গিত মিলেছে। বিশেষজ্ঞদের মতে, নতুন সংসদ-সদস্যদের (এমপি) শপথগ্রহণের পর থেকেই দেশে রাজনীতিতে কিছুটা উত্তাপ ছড়িয়েছে। তবে এই উত্তাপ সংকটে রূপ নেয় কি না, তা দেখার জন্য সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, নির্বাচনের পর সরকারি দলের নির্বাচিতরা শুধু সংসদ-সদস্য হিসাবে শপথ নিয়েছেন। আর বিরোধী দলের সদস্যরা নিয়েছেন দুটি শপথ। একটি সংসদ-সদস্য হিসাবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। তাদের মতে, একই দেশে দুই নিয়ম চলতে পারে না।

বণিক বার্তা

অন্তর্বর্তী সরকারের দেয়া অনেক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে ঈদের পর

সে সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বড় অংশ এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও দপ্তরপ্রধান হিসেবে কর্মরত। তবে আসন্ন ঈদুল ফিতরের পর চুক্তিভিত্তিক অনেক কর্মকর্তার নিয়োগ বাতিল হবে বলে জানা গেছে। এছাড়া চুক্তিভিত্তিক অনেক কর্মকর্তার মেয়াদ শেষের দিকে। অনেকে আবার নিজেই পদ থেকে সরে যাচ্ছেন। ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন হয়।

দেশ রূপান্তর

সিটি নির্বাচনে মাতবে এবার ঢাকা-চট্টগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠনের পর আলোচনা শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ঢাকার দুই মেয়রসহ কাউন্সিলরা লাপাত্তা। মেয়রদের বিকল্প হিসেবে দুই সিটি করপোরেশনে প্রশাসক বসানো হলেও সার্বিক নাগরিক সেবা নিশ্চিত করা যায়নি। ফলে দেড় বছরের বেশি সময় ধরে নাগরিকদের ভোগান্তি বেড়েই চলেছে।

বণিক বার্তা

রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন —স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় আরো বলা হয়, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং এগুলোকে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল।

কালবেলা

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল হয়েছে। গতকাল রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। সেনাসদর সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।

প্রথম আলো

অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন নেওয়া ৩ মাস ধরে বন্ধ

ঢাকায় জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজে যুক্ত শিউলী আকতার। তাঁর মায়ের মৃত্যু হয়েছে। এখন মৃত্যুনিবন্ধন করতে হবে। তবে সে জন্য তাঁকে যেতে হচ্ছে পৈতৃক এলাকায়। কারণ, অনলাইনে মৃত্যুর আবেদন করা যাচ্ছে না। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ঢাকায় থাকলেও পৈতৃক বাড়ি রাজশাহীতে। ফলে মায়ের মৃত্যুনিবন্ধন সেখান থেকে করতে হবে। সে জন্য তিনি রাজশাহী যাবেন।