জামায়াত প্রার্থীর পথসভায় পুলিশের পোশাকে অংশগ্রহণ, এএসআই বরখাস্ত

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৩৫
জামায়াত প্রার্থীর পথসভায় পুলিশের পোশাকে অংশগ্রহণ, এএসআই বরখাস্ত

সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে অংশগ্রহণ এবং ইসলামী সংগীত পরিবেশনের অভিযোগে এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে ৭ ডিসেম্বর রাতে, সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার আমতলা মোড়ে। জামায়াতের সাতক্ষীরা–২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পথসভায় মহিবুল্লাহ পুলিশের পোশাকে উপস্থিত হয়ে সংগীত পরিবেশন ও বক্তব্য দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

যশোরে কর্মরত এই পুলিশ সদস্য তখন ১৫ দিনের ছুটিতে ছিলেন। ছুটির সময় নিজ জেলা নড়াইলে না থেকে সাতক্ষীরায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়াকে পেশাগত শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করেছে পুলিশ। এতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জানানো হয়।

মোবাইল ফোনে যোগাযোগ করলে মহিবুল্লাহ নিজেই ঘটনার সত্যতা স্বীকার করেন। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।