ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ৩:২৮
ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন ফেডারেল সার্কিট কোর্ট সাত-চার ভোটে রায়ে বলেছে, ট্রাম্পের শুল্ক আরোপ জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) আওতায় বৈধ নয় এবং কংগ্রেসের এখতিয়ারেই থাকবে। আদালত শুল্কগুলোকে ‘অবৈধ ও আইনের পরিপন্থী’ আখ্যা দিয়েছে।

রায়ে বলা হয়, আইইইপিএ-তে কোথাও শুল্ক আরোপের উল্লেখ নেই এবং কর-শুল্ক আরোপ কংগ্রেসের ক্ষমতা। ক্ষুদ্র ব্যবসায়ী ও কয়েকটি অঙ্গরাজ্যের দায়ের করা মামলার প্রেক্ষিতে এ রায় আসে।

ট্রাম্প অবশ্য রায়কে তীব্র সমালোচনা করে সতর্ক করেছেন, শুল্ক তুলে নিলে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। তবে আদালত জানিয়েছে, রায় কার্যকর হবে ১৪ অক্টোবর থেকে, এর মধ্যে চাইলে প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে।