পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ৪:০০
পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

নড়াইলের লোহাগড়ায় বঁটি দিয়ে বিল্লাল শেখ (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগমের (২৯) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (২৭ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিল্লাল শেখ বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে স্ত্রী বঁটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে। এ সময় জেগে উঠে তা ঠেকাতে গেলে আমার হাত কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করেন। আমার ওখানে ১২ থেকে ১৪টা সেলাই করা হয়েছে।

পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তবে কী কারণে তার স্ত্রী এমন করেছে তাও তিনি জানেন না বলে জানান। এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান বিল্লাল।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সঙ্গে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের বিয়ে হয়। ওই দম্পত্তির ১ বছরের একটি ছেলে রয়েছে।

আটক রুমার অভিযোগ তার স্বামী পরকীয়ায় আসক্ত। এ কারণে তার সঙ্গে সব সময় খারাপ আচরণ করেন বিল্লাল। এছাড়া তিনি একাধিক মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। এ কারণে তিনি এ কাজ করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, ব্যবহৃত ধারালো বঁটিসহ ওই ব্যক্তির স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।