পুলিশের পোশাকের ডিজাইন প্রস্তাব দিলেন পিনাকী ভট্টাচার্য
দেশজুড়ে পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে আলোচনা চলতেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিলেন চিকিৎসক ও লেখক পিনাকী ভট্টাচার্য। ফেসবুকে নিজের ব্যক্তিগত একটি বিকল্প ডিজাইন প্রকাশ করে তিনি দাবি করেছেন, বাংলাদেশ পুলিশের জন্য টিল রঙই সবচেয়ে আদর্শ, আর কর্তৃপক্ষ চাইলে তিনি বিনা পারিশ্রমিকে পরামর্শ দিতেও প্রস্তুত ছিলেন।
একটি দীর্ঘ ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লিখেছেন, “পুলিশের নতুন পোশাক যাচ্ছেতাই হইছে। আমাদের আমলারা যে কতটা বুদ্ধিহীন এই পোশাকে তার প্রমাণ। এদের না আছে বাহিনীর প্রতি ভালোবাসা-দরদ, না আছে কোনো চিন্তার ক্ষমতা।”
তিনি আরও ব্যাখ্যা করেন, প্রচলিত নীল বা খাকি পোশাক ঘাম, ধুলা ও বিবর্ণতা স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। অথচ পুলিশের পোশাক হওয়া উচিত একই সঙ্গে আরামদায়ক, পরিচ্ছন্ন ও সাইকোলজিক্যালি প্রভাব বিস্তারকারী।
তার মতে, টিল রঙ বাংলাদেশের আবহাওয়া, পরিবেশ ও জনগোষ্ঠীর জন্য সবচেয়ে উপযোগী। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন
- ঘাম বা দাগ সহজে চোখে পড়ে না
- তাপ শোষণ কম করে
- বাংলাদেশের স্কিন টোনের সঙ্গে ভালো কনট্রাস্ট তৈরি হয়
- শরীরের আউটলাইন পরিষ্কার দেখা যায়
- দেখতে স্মার্ট, পরিপাটি ও ক্যামেরা-ফ্রেন্ডলির
- রঙটি একই সাথে অথরিটি ও জনবান্ধবতা দুই বৈশিষ্ট্যই ফুটিয়ে তোলে
তার ভাষায়, “খুব উজ্জ্বল রঙ পুলিশের জন্য ঠিক না। আবার একেবারে কালো দেখলেও অনেকে ভীতিকর মনে করে। টিল রঙ দুই দিকের মাঝামাঝি অথরিটির ভাব আনে, আবার মানুষও স্বাচ্ছন্দ্যবোধ করে।”
রঙ মানুষের মনস্তত্ত্বে সরাসরি প্রভাব ফেলে উল্লেখ করে তিনি দাবি করেন, টিল রঙের পোশাকে পুলিশকে বিশ্বাসযোগ্য, পেশাদার, দক্ষ ও জনবান্ধব মনে হবে।
পোস্টের শেষে হালকা ব্যঙ্গ করে তিনি লেখেন, “আমারে জিগাইতেন। কইয়া দিতাম… বিনা পয়সায়। আর কিছু না পারি, দুনিয়ার সেরা লাইফস্টাইল ব্র্যান্ড নিয়া তো কাজ করি। খুব বেশী বাঙ্গুর তো এই অভিজ্ঞতা নাই। আছে কি?”


আপনার মতামত লিখুন