বাংলাদেশ–ভারত–পাকিস্তানে কবে শুরু হচ্ছে পবিত্র রমজান
রমজান মাস শুরুর চাঁদ দেখাকে ঘিরে মুসলিম বিশ্বের দেশগুলোর ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আসতে শুরু করেছে। শাবান মাসের ২৯ তারিখে অর্থাৎ মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রমজানের চাঁদ দেখা গেলেও পূর্বাঞ্চলের কিছু দেশে তা দেখা যায়নি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে এই দুই দেশে বুধবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হচ্ছে। তবে একই দিনে ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেসব দেশে রমজান শুরু হবে বৃহস্পতিবার।
অন্যদিকে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মঙ্গলবার চাঁদ দেখা কমিটির কোনো বৈঠক হয়নি। কারণ, এসব দেশে ওই দিনটি ছিল শাবান মাসের ২৮ তারিখ। ফলে এই তিন দেশে রমজানের চাঁদ দেখার জন্য চাঁদ দেখা কমিটি বসবে বুধবার।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে পাকিস্তানে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে।
সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্ট এক ঘোষণায় জানিয়েছে, দেশটিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই পবিত্র রমজান মাস শুরু হবে। বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত কাউন্সিল ফর ফতোয়ার অধীনে গঠিত রমজান মাসের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এই ঘোষণা দেওয় হয়েছে। কমিটি মঙ্গলবার সন্ধ্যায় আবুধাবিতে বৈঠকে বসে। সেই বৈঠক অনুষ্ঠিত হয় হিজরি ১৪৪৭ সালের শাবান মাসের ২৯ তারিখ বা ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি। বৈঠকে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন