‘বাংলায় কথা বলায়’ কলকাতায় যুবককে মারধর

ডেস্ক নিউজ
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ৯:৫০
‘বাংলায় কথা বলায়’ কলকাতায় যুবককে মারধর

কলকাতায় বাংলায় কথা বলায় দুই ভারতীয় যুবককে ‘বাংলাদেশি’ অপবাদ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার রাতে শিয়ালদাহ ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। আক্রান্তরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা জানান, মোবাইলের সরঞ্জাম কিনতে গেলে দোকানদার হিন্দিতে কথা বলতে বলে, প্রতিবাদ করায় তাদের মারধর করা হয় এবং একজনের মোবাইল কেড়ে নেওয়া হয়। ছুরি-বন্দুক দেখিয়ে হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রাজনীতিতেও এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাপক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, “কলকাতায়ও কি এখন বাংলাভাষীদের মার খেতে হবে?” বিজেপি ও সিপিএম নেতারাও উদ্বেগ প্রকাশ করে ঘটনার কঠোর তদন্ত ও অপরাধীদের শাস্তি দাবি করেছেন।