বিশ্বকাপে ব্রাজিলকে ফেভারিট মনে করছেন না ভিনিসিয়ুস

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১:৪১
বিশ্বকাপে ব্রাজিলকে ফেভারিট মনে করছেন না ভিনিসিয়ুস

রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ‘হেক্সা’ মিশনে গত দুই যুগ ধরে ব্যর্থ সেলেসাওরা। প্রতিবারের মতো আসন্ন বিশ্বকাপেও তাদের ফেভারিট ভাবা হচ্ছে। তবে সাম্প্রতিক মাঠে পারফরম্যান্সের ব্রাজিলকে ফেভারিট মনে করছেন না ভিনিসিয়ুস জুনিয়র।

২৪ বছরের ট্রফি খরা কাটাতে প্রথমবারের মতো ব্রাজিল তাদের ডাগআউটে এনেছে বিদেশি কোনো কোচকে। গত বছর মে মাসে কার্লো আনচেলত্তি যোগ দেওয়ার পর মিশ্র ফলাফল পেয়েছে ব্রাজিল। ইতালিয়ান কোচের অধীনে দুটি জয়, একটি ড্র ও একটি হার তেঁতো স্বাদ পেয়েছে সেলেসাওরা।

দলের সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে ব্রাজিলকে ফেভারিট মানতে চান না ভিনিসিয়ুস। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, সম্প্রতি আমরা যে ফলাফল দেখেছি, তার ভিত্তিতে ব্রাজিল ফেভারিট নয়। কিন্তু জার্সি ও আমাদের খেলোয়াড়দের যে ভার, আমরা ব্রাজিলকে ফের শীর্ষে রাখতে যা করার সবই করবো। আমরা ফেভারিট হতে চাই না, আমরা চাই ব্রাজিলকে শীর্ষে রাখতে।’
আনচেলত্তির ওপর আস্থা রাখছেন ভিনি। তিনি বলেন, ‘আমাদের শুধু ভালো খেলতে হবে। আনচেলত্তি আসার পর কীভাবে খেলতে হবে সেই ধারণা ভালোভাবে পেয়েছি। তিনি আমাদের ওপর থেকে অনেক চাপ কমিয়েছেন।’

রিয়াল মাদ্রিদে দুর্দান্ত ফর্মে থাকলেও জাতীয় দলে এসে খেই হারান ভিনিসিয়ুস। তবে ক্লাব ফর্ম এবার জাতীয় দলেও ধরে রাখতে চান তিনি। ভিনি বলেন, ‘আমি সবচেয়ে সুখকর মুহূর্তে আছি। রিয়াল মাদ্রিদে আমি যা করি, আশা করবো জাতীয় দলেও সেটাই করবো। লোকেদের কথাবার্তায় আমি মনোযোগ দেই না। আমি আমার কাজ জানি এবং কীভাবে বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিতে হবে সেটাও জানা আছে।’