বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

ডেস্ক নিউজ
প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ১১:৩৪
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে স্বর্ণ ও রুপার দাম। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৮২ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ৯৯ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে বিশ্ববাজারে স্পট রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৮২ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৮ শতাংশ কমে ২ হাজার ৭৬ দশমিক ০৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৬০৫ দশমিক ১২ ডলারে পৌঁছেছে।

এদিকে, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

এর আগে, সবশেষ গত ৪ মার্চ সকালে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৯ হাজার ২১৪ টাকা ও ৬৪১ টাকা কমানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

অন্যদিকে, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।