বুকে আবু সাঈদের ছবি হাতে বাংলাদেশের পতাকা, গাজার পথে আলোকচিত্রী শহিদুল আলম

ডেস্ক নিউজ
প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ৯:০২
বুকে আবু সাঈদের ছবি হাতে বাংলাদেশের পতাকা, গাজার পথে আলোকচিত্রী শহিদুল আলম

ইসরাইলি সব হুমকি-ধমকীকে উপেক্ষা করে সমুদ্রপথে গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌ বহর-দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইতোমধ্যে এই নৌ বহরটি ঢুকে পড়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। ফলে বেড়েই চলেছে উত্তেজনা। এই নৌ বহরে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমও।

আজ বুধবার (১ অক্টোবর) দুপুর নাগাদ গাজার প্রায় ১০০ নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছে যায় নৌ বহরটি। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই নৌ বহর থেকে বাংলাদেশের পতাকা হাতে ছবি প্রকাশ করেন শহিদুল আলম। মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি। তার পর থেকে ছবিটি শেয়ার করে শহিদুল আলমসহ যাত্রীবহরর জন্য দোয়া প্রার্থনা করছেন দেশের নেটিজেনরা।

এদিকে গাজাবাসীকে ইসরাইলি আগ্রাসন থেকে রক্ষার এই নৌ বহরে বাংলাদেশি নাগরিক শহিদুল ইসলামের অংশগ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে জুলাই শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত টি-শার্ট গায়ে শহিদুল আলমের ছবিসহ একটি পোষ্ট দেওয়া হয়।

পোস্টে বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী, শিক্ষাবিদ এবং কর্মী শহিদুল আলমকে গর্বের সাথে কৃতজ্ঞতা জানাচ্ছে, যিনি গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন এবং ইসরাইল কর্তৃক গাজার অবৈধ অবরোধ ভাঙার এই ঐতিহাসিক মিশনে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি হয়েছেন। ন্যায়বিচারের জন্য তার নির্ভীক কণ্ঠস্বরের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত।