ভারতে পিটুনিতে নিহত যুবকের লাশ এল দেশে
ভারতের মেঘালয় রাজ্যের খাসী হিলসে জনতার পিটুনিতে নিহত ঝিনাইগাতী উপজেলার যুবক আকরাম হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিজিবির সঙ্গে বিএসএফ পতাকা বৈঠক করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে লাশটি হস্তান্তর করা হয়। এরপর ভারতীয় পুলিশ ও কলমাকান্দা থানার পুলিশ আকরামের বড় ভাই শেখ ফরিদের হাতে লাশটি তুলে দেয়।
নিহত আকরাম (৩০) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে গত ১০ আগস্ট মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় কৈথাকোণা গ্রামের লোকজন আকরামকে আটক করে। পরে পিটুনি দিলে তার মৃত্যু হয়।
শেখ ফরিদ ছোট ভাই আকরামের লাশ গ্রহণের সত্যতা স্বীকার করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে নেত্রকোনা থানায় যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র নেওয়ার পর বাড়ির উদ্দেশে ভাইকে নিয়ে রওনা হবেন তিনি। আকরামের লাশ বাঁকাকুড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।
নিহত আকরামের বিরুদ্ধে চোরাকারবারি ও মানবপাচারের অভিযোগ রয়েছে। এসবের জন্যই গোপনে তিনি ভারতে অনুপ্রবেশ করতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া জানান, আকরামের দুই স্ত্রী ও তিন সন্তান রয়েছে। দুই ছেলে, এক মেয়ে। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে শুনেছেন তিনি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল আমিন সাংবাদিকদের জানান, নিহত আকরামের বিরুদ্ধে আদালত থেকে একটি অপহরণ মামলার পরোয়ানা তাদের কাছে এসেছে।


আপনার মতামত লিখুন