মার্চ ফর গাজায় যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষে আ’হ’ত ১২
Oplus_16908288
মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- জামালপুরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো. সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান মিস্টার, হাফেজ মঞ্জরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস, জুবায়ের।
জানা যায়, আহতদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী।
স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি টিম যাত্রা করে। সকালের দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১২ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, শনিবার সকালে বানিয়াজান এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। জামালপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে আরেকটি মাইক্রোবাস জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানিয়াজান এলাকায় পৌঁছালে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জামালপুর ও ময়মনসিংহ নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন