যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত অন্তত ৪০

ডেস্ক নিউজ
প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৪
যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত অন্তত ৪০

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় বেসামরিক ও সামরিক সদস্যসহ কমপক্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’।

এদিকে, যুক্তরাষ্ট্রের কাছে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেলসি রদ্রিগেজ। তাকে নির্বাহী ভাইস প্রেসিডেন্টের পদও দিয়েছেন মাদুরো। তার আটক হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া রদ্রিগেজের দেশ পরিচালনার নীতি কি হবে- তা নিয়ে এরইমধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরেই এই অনিশ্চয়তা। ট্রাম্পের দাবি, মাদুরো’র ঘনিষ্ঠ হলেও যুক্তরাষ্ট্রের ইচ্ছেমতো দেশ পরিচালনায় রাজি হয়েছেন রদ্রিগেজ।

ট্রাম্প বলেন, তাদের একজন ভাইস প্রেসিডেন্ট আছে যাকে মাদুরোই নিযুক্ত করেছেন। এই মুহূর্তে, আমার ধারণা তিনিই প্রেসিডেন্ট। মার্কো রুবিও’র সাথে তার দীর্ঘ আলোচনা হয়েছে। রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্র যা চায় সেটাই করবেন তিনি। এছাড়াও আর কোনো বিকল্পও আসলে নেই তার কাছে।

Photo of Venezuelan President "Nicolas Maduro on board the USS Iwo Jima" as described by U.S. President Donald Trump
আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প

 

অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ বলেন, আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করছি। আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রস্তুত। আমাদের দেশ, ইতিহাস ও ন্যায়বিচারের বিরুদ্ধে এই সশস্ত্র আগ্রাসনকে উৎসাহিত করা চরমপন্থিদের মূল্য দিতে হবে। ভেনেজুয়েলার জনগণ কখনও দাস হবে না, কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না।

গতকাল শনিবার স্থানীয় সময় মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় মার্কিন সেনারা। এতে বিভিন্ন আবাসিক ভবন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো আর স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আগুন ধরে যায় বেশ কিছু যানবাহনে। তবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতি নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।