শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ১:৩৮
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ অন্তরকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাঁকে এই সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

রোববার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ বহিষ্কার অনুমোদন করেন। পাশাপাশি তাঁকে বহিষ্কারের পর থেকে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, গত ১৫ আগস্ট ইসহাক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ করে একটি পোস্ট দেন। এরপর ১৭ আগস্ট তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়। তবে তিনি জবাব না দিয়ে উল্টো ফেসবুক পোস্টে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতির ঘোষণা দেন। এর পরদিন তাঁকে বহিষ্কার করা হয়।

ইসহাক আহমেদ এক পোস্টে লেখেন, তাঁর মুক্তচিন্তা ও ভিন্নমত প্রকাশের কারণে যদি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়, তবে তিনি স্বেচ্ছায় সব রাজনৈতিক পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবুও তিনি দেশের মানুষের পাশে থাকবেন বলেও উল্লেখ করেন।

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব বলেন, “দলের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন পোস্ট দেওয়ার সুযোগ নেই। শোকজের জবাব দেওয়ার পরিবর্তে সে ঔদ্ধত্য দেখিয়েছে। তাই সংগঠনের সিদ্ধান্তই চূড়ান্ত ধরা হয়েছে।”