হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘তিন মিনিটের’ ঝটিকা মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৪২
হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘তিন মিনিটের’ ঝটিকা মিছিল

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ভোরে একটি ঝটিকা মিছিল করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকালে নন্দীরহাট এলাকায় প্রায় তিন মিনিটের এই সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ ভোরে ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী নন্দীরহাটের ধোপার দিঘির পাড় থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন। তিন মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে সটকে পড়েন তারা।

হাটহাজারীর এই ঝটিকা মিছিলের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার হাতে অংশগ্রহণকারীরা মিছিল করেন। উপস্থিতদের মধ্যে কয়েকজন হেলমেট পরে ছিলেন, আর কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে যোগ দেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’