১২ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির শঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার (২১ আগস্ট) জানিয়েছে, আগামী কয়েক দিনে অন্তত ১২টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে ভারী থেকে অতি-ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ভারতের অরুণাচল ও মেঘালয় প্রদেশেও ভারী বৃষ্টিপাত হয়েছে, যা বাংলাদেশের নদ-নদীর পানি বৃদ্ধিতে প্রভাব ফেলছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশের সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে এবং ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
রংপুর অঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি আগামী দুদিন বাড়তে পারে এবং পরবর্তী দিন স্থিতিশীল থাকতে পারে। নীলফামারী ও লালমনিরহাটের কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খালের পানি আগামী তিন দিন ধরে বাড়তে পারে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নিচু এলাকায় পানি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে।
একইভাবে, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদ-নদীর পানি আগামী দুই দিন ধরে বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দিন স্থিতিশীল থাকতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন অনেক জায়গা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন নদ-নদীর পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় এসব এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন