মিয়ানমার সেনাঘাঁটিতে হামলা, থাইল্যান্ডে আশ্রয় নিলেন শতাধিক সেনা ও বেসামরিক মানুষ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ৬:২৪
মিয়ানমার সেনাঘাঁটিতে হামলা, থাইল্যান্ডে আশ্রয় নিলেন শতাধিক সেনা ও বেসামরিক মানুষ

মিয়ানমারের পূর্বাঞ্চলে জাতিগত কারেন যোদ্ধারা সামরিকঘাঁটি দখল করার পর শতাধিক মিয়ানমার জান্তা সেনা এবং আরও শত শত মানুষ থাইল্যান্ডে পালিয়ে গেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম ও থাই কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

শনিবার রাত থেকে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) কারেন প্রদেশের জান্তা-নিয়ন্ত্রিত ঘাঁটিগুলোর উপর হামলা শুরু করে। থাই এক্সামিনার রবিবার এই তথ্য জানায়।

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ১০০ মিয়ানমার সেনা থাই ভূখণ্ডে প্রবেশ করেছে, যেখানে তাদের অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী তাদের রাখা  হয়েছে।

থাই কর্মকর্তারা আরও জানান, ৪০০ জনের বেশি বেসামরিক নাগরিকও সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন এবং তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে মে মাসে, সীমান্তের কাছে বিদ্রোহীদের চেকপয়েন্টে হামলার পর ৬২ মিয়ানমার সেনা একইভাবে থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিল।

এদিকে মিয়ানমারের সাগাইং অঞ্চলে শুক্রবার একটি মঠে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে দেশটির অভ্যন্তর থেকে খবর পাওয়া গেছে, যা চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে।

১৯৪৯ সাল থেকে কারেন জনগণের আত্মনিয়ন্ত্রণের দাবিতে লড়াই করে আসছে কেএনএলএ। মিয়ানমারের অন্যতম বৃহৎ জাতিগত সশস্ত্র সংগঠনটি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের সংঘাতপূর্ণ কারেন প্রদেশে প্রধানত তাদের কার্যক্রম চালায়।