বেড়িবাঁধ না হলে তলিয়ে যাবে সেন্টমার্টিন
টেকনাফের সেন্টমার্টিনে সাগরের প্রবল ঢেউয়ের কারণে ভাঙন শুরু হয়েছে। শিগগিরই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি সাগরে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সাম্প্রতিক সময়ে নিম্নচাপ ও অমাবস্যার প্রবল জোয়ার ও বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের পশ্চিম ও উত্তরপ্রান্তে ভাঙন শুরু হয়েছে। যার কারণে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। তাই সাগরে বিলীন না হওয়ার আগে দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়জুল ইসলাম যুগান্তরকে জানিয়েছেন, বেড়িবাঁধ না থাকার কারণে দ্বীপের চারপাশে ভাঙন শুরু হয়েছে। যদি সরকারিভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে অচিরেই সেন্টমার্টিন দ্বীপ সাগরে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, বৈরী আবহাওয়া ও নিম্নচাপের কারণে দ্বীপে ৫ দিন ধরে নৌযান চলাচল বন্ধ থাকলেও কোনো খাদ্য সংকট নেই। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলে খাদ্য সংকট দেখা দিতে পারে।
এ বিষয় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের উচ্চ মহলে জানাব। তবে সেন্টমার্টিনে প্রবল বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সোমবার ত্রাণ সহায়তা পাঠানো হবে।


আপনার মতামত লিখুন