দুই দুর্ঘটনায় উদ্বিগ্ন কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স, নিরাপত্তা নিশ্চিতে ৫ দফা আহ্বান
ডেস্ক নিউজ
প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ৯:১৭
গতকাল (২ আগস্ট) কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার চার যাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। রেললাইনে উঠে আসা অটোরিকশাটি চলন্ত ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।
কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে*।
এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেল ক্রসিংয়ে কার্যকর গেট স্থাপন, পর্যাপ্ত সিগন্যালিং ও জনসচেতনতা বৃদ্ধিসহ নিরাপত্তা নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানি প্রতিরোধে নিরাপত্তা কাঠামোতে প্রযুক্তিনির্ভর আধুনিকীকরণ এখন সময়ের দাবি।
একই দিনে সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের মুহূর্তে বেসরকারি এয়ার এস্ট্রার একটি উড়োজাহাজের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগে, যার ফলে উড়োজাহাজটি প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে। প্রাণহানির ঘটনা না ঘটলেও এটি একটি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাজনক ইঙ্গিত দেয় এবং বিমানবন্দরের নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন তোলে।
ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দেশের অন্যতম প্রধান পর্যটন শহর কক্সবাজারে বিমান ও রেল বর্তমানে জনপ্রিয় গণপরিবহন মাধ্যম। একই দিনে দুটি ভিন্ন পরিবহন ব্যবস্থায় ঘটে যাওয়া নিরাপত্তা সংক্রান্ত এ ধরনের ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে।
আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি— *উভয় ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি এবং নিহত পরিবারগুলোর প্রতি সরকারিভাবে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান করার আহবান জানাচ্ছি*।
অনাকাঙ্ক্ষিত মৃত্যু নয়, আমরা চাই নিরাপদ যাতায়াত ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা, যা কক্সবাজারের সম্মান, সম্ভাবনা ও জননিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


আপনার মতামত লিখুন