দুই এতিম ছেলের দায়িত্ব নিলেন ময়মনসিংহের এসপি কাজী আখতার উল আলম

ডেস্ক নিউজ
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ৭:০৭
দুই এতিম ছেলের দায়িত্ব নিলেন ময়মনসিংহের এসপি কাজী আখতার উল আলম

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম এক নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া সাংবাদিক তুহিনের দুই এতিম সন্তানের সার্বিক দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এসপির এই মহতী উদ্যোগে সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ও আলোড়ন সৃষ্টি হয়েছে।

গাজীপুর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে সম্প্রতি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর অকাল ও নৃশংস প্রয়াণে পরিবারে নেমে আসে ঘোর শোকের ছায়া, বিশেষ করে তাঁর অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। বাবা হারানোর পর এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে যখন উদ্বেগ বাড়ছিল, তখনই আশার আলো হয়ে এগিয়ে এসেছেন জেলা পুলিশ প্রধান কাজী আখতার উল আলম।

এসপি কাজি আখতার উল আলম ব্যক্তিগত উদ্যোগে এই দুই শিশুর পড়াশোনা, ভরণপোষণ এবং ভবিষ্যৎ গড়ার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে চেয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত সমাজে দায়িত্বশীল নাগরিক ও প্রশাসনের মানবিক মুখচ্ছবি তুলে ধরেছে।

এ বিষয়ে এসপি কাজী আখতার উল আলম বলেন, “তুহিন সমাজের জন্য নিবেদিত একজন সংবাদকর্মী ছিলেন। তাঁর এই নির্মম প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু তাঁর নিষ্পাপ সন্তানরা যেন পথ না হারায়, সেটাই আমার কাম্য। আমি চাই তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক।” তিনি আরও জানান, এই শিশুদের পাশে দাঁড়ানোকে তিনি নিজের নৈতিক ও মানবিক দায়িত্ব মনে করেন।

এসপির এই মহতী উদ্যোগকে সর্বমহলে স্বাগত জানানো হয়েছে। সাংবাদিক সমাজসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার এই মানবিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন। এটি শুধু দুই এতিম শিশুর জীবনেই নয়, বরং সমগ্র সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং প্রশাসনের মানবিক মুখচ্ছবিকে উজ্জ্বল করবে বলে মনে করছেন অনেকে।