ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ তথ্য

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ১১:৪৯
ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ তথ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের নির্দিষ্ট একটি ফরম পূরণ করে আবেদন করতে হবে, যেখানে ১৪ ধরনের তথ্য প্রদান বাধ্যতামূলক।

ইসির কর্মকর্তারা জানান, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। এ নীতিমালা কার্যকর হওয়ায় এখন থেকেই আবেদন জমা দেওয়া সম্ভব। ইতোমধ্যে বেশ কয়েকজন আগ্রহ দেখিয়েছেন বলেও জানা গেছে। নিয়ম অনুযায়ী আবেদন শুধুমাত্র নির্বাচন কমিশনের নির্ধারিত ফরমেই করতে হবে এবং তাতে উল্লেখ করতে হবে প্রয়োজনীয় ১৪ তথ্য।

আবেদনকারীর অবশ্যই নিজের নাম, জন্ম তারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, অভিজ্ঞতা থাকলে দেশ ও বিদেশের অভিজ্ঞতা, পাসপোর্ট নম্বর, পাসপোর্টের মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ইমেইল, ফোন নম্বর, আবেদন তারিখ ও স্বাক্ষর দিতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে সদ্য তোলা একটি ছবি, মেয়াদ থাকা পাসপোর্টের কপি ও সিভি সংযুক্ত করতে হবে।

নির্বাচন কমিশন

এরই মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল ও ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।

এবারের নীতিমালায় বিদেশিদের অনুমতিদানে পুরো ক্ষমতা নির্বাচন কমিশনের নিজের কাছে রাখা হয়েছে। আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যবস্থা নেওয়া হতো। নতুন নীতিমালা অনুযায়ী, ইসির সুপারিশের ভিত্তিতে ভিসা ব্যবস্থা করবে মন্ত্রণালয়।

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে নির্বাচন তফসিল।

তথ্যসূত্র:  বাংলানিউজটোয়েন্টিফোর.কম