ট্রলার বিকল, সমুদ্রে ভাসছিলেন তারা
বঙ্গোপসাগরে ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে পড়ায় তিনদিন ধরে ভাসছিলেন আট জেলে। রোববার সকালে তাদের ট্রলারটি নেটওয়ার্কের আওতায় আসে। সেখান থেকে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে (১৬১১১) নম্বরে কল পেয়ে উদ্ধার করা হয়েছে আট জেলেকে। আজ সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার জেলেরা হলেন– আব্দুর রাজ্জাক, মো. ফারুক, মো. কামাল, আলম, মো. জাকারিয়া, রাকিব (১), মো. সজীব ও রাকিব (২)। তারা সবাই পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, ১৪ আগস্ট বরগুনার পাথরঘাটা থেকে আবদুর রাজ্জাকের মালিকানাধীন এফ বি মায়ের দোয়া নামের মাছধরার ট্রলারটি গভীর সমুদ্রে যাত্রা করে। এতে মালিক ও সাত জেলে ছিলেন। হঠাৎ ইঞ্জিনের শ্যাফট বিকল হওয়ায় ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে। সেটি রোববার সকালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। সেখান থেকে এক জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে কল করে বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে সমুদ্রে টহলরত কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। অল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন নম্বর-৫ বয়ার সমুদ্র এলাকা থেকে ট্রলারটি উদ্ধার করা হয়। সেখানে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দিয়ে ট্রলারটিকে হাড়বারিয়া সংলগ্ন নদীতীরে পৌঁছে দেওয়া হয়েছে। পরে উদ্ধার জেলেদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন