রামুতে হামলা: যুবকের পাকস্থলীর খাদ্যনালী ছিঁড়েছে, অবস্থা সংকটাপন্ন
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ১১:১৯
কক্সবাজারের রামুতে সন্ত্রাসী হামলায় হোসেন মো. এরশাদ (৩০) নামের এক যুবকের পাকস্থলীর খাদ্যনালী ছিঁড়ে গুরুতর আহত হয়েছেন। অপারেশন করা হলেও তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনাটি ঘটে গত বুধবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান বাজার সংলগ্ন নাইক্ষ্যংছড়ি সড়কের মোড়ে মনজুরের দোকানের সামনে। আহত এরশাদ ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকার সাবেক ইউপি সদস্য আমির হোসেনের কনিষ্ঠ ছেলে।
ভুক্তভোগীর বড় ভাই আব্দুল হালিম জানান, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে ১ নম্বর ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি এলাকার নুরুল আবছারের নেতৃত্বে ৫–৬ জনের একটি সংঘবদ্ধ চক্র এই হামলা চালায়। তারা এরশাদকে হত্যার উদ্দেশ্যে লাঠি, কিল-ঘুষি ও লাঠি-সোটা দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ১৪ আগস্ট কক্সবাজার সদর হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, উপূর্যুপরি আঘাতে এরশাদের পাকস্থলীর তিন স্থানে খাদ্যনালী ছিঁড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) অস্ত্রোপচার সম্পন্ন হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। বর্তমানে তিনি কথা বলতেও পারছেন না।
আব্দুল হালিম আরও জানান, এরশাদের চিকিৎসায় পরিবারের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। হামলার পর নুরুল আবছার ও সহযোগীরা আত্মগোপনে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন