কক্সবাজারে কউকের অভিযানে ভবন ও রেস্তোরাঁয় সাড়ে ৩ লাখ জরিমানা
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ২:০৫
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অভিযানে শহরের হোটেল-মোটেল জোন ও কলাতলী এলাকায় পাঁচটি ভবন ও একটি রেস্তোরাঁকে মোট তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কউকের সচিব সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়।
কউক সূত্রে জানা গেছে, ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের কারণে পাঁচটি ভবনকে তিন লাখ টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় হোটেল জামানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ভবনের মালিকদের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের সঠিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, রেস্তোরাঁ মালিককে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাবার পরিবেশন করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
কউকের এ ধরনের অভিযানের মাধ্যমে শহরে শৃঙ্খলাপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য রক্ষায় প্রতিষ্ঠানটির কঠোর অবস্থানের প্রতিফলন ঘটছে।


আপনার মতামত লিখুন