ভারতে পালিয়ে কলকাতায় অ্যাপার্টমেন্টে নিয়মিত বৈঠকে কামাল
ডেস্ক নিউজ
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ১২:২৩
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার মতো অনেক এমপি ভারতে আশ্রয় নিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে যাওয়ার কিছুদিন পর নিখোঁজ হয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পরবর্তীতে গত ২ অক্টোবর তাকে কলকাতার নিকো পার্কে দেখা গেলে নিশ্চিত হওয়া যায় তিনি ভারতে পালিয়েছেন। বর্তমানে সপরিবারে কলকাতার একটি বড় অ্যাপার্টমেন্টে বসবাস করছেন তিনি। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত জড়ো হন এবং কামাল তাদের উদ্দেশে বক্তব্য দেন।
দলটির সাবেক এক এমপি জানিয়েছেন, কামাল শুধু কলকাতায় অবস্থান করছেন না, বরং প্রতি সপ্তাহে দিল্লি গিয়ে ভারতীয় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করছেন।
পলাতক ওই এমপির ভাষ্যমতে, আসাদুজ্জামানকে মূলত আওয়ামী নেতাকর্মীদের উদ্বুদ্ধ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। নেতাদের উদ্দেশে তিনি প্রায়ই বলেন, “আমরা এখানে বিশ্রাম আর আজীবন থাকতে আসিনি। আমরা এখানে বেঁচে থাকতে এবং কালকের জন্য লড়াই করতে এসেছি।”
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) তাদের প্রতিবেদনে পলাতক আওয়ামী এমপি, মন্ত্রী ও নেতাদের অবস্থান এবং ভারতে তাদের জীবনযাপন কেমন চলছে—তা তুলে ধরার চেষ্টা করেছে। সেখানেই উঠে আসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই তৎপরতার তথ্য।


আপনার মতামত লিখুন