আ. লীগ ছাড়লেন আরো ১৪ নেতা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ১১:২৪
আ. লীগ ছাড়লেন আরো ১৪ নেতা
গোপালগঞ্জের মুকসুদপুরে ‘ব্যক্তিগত কারণ’ দে‌খি‌য়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একসঙ্গে আওয়ামী লীগের রাজনীতি ছেড়েছেন ছয় নেতা। গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টার দি‌কে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) পদত্যাগ করেন আরো আট নেতা। এ নিয়ে গত দুই দিনে ১৪ নেতাকর্মী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন।

পদত্যাগকারী নেতারা হলেন পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান, ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা ও সাধারণ সম্পাদক শান্ত সাহা, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা জয়ন্ত সাহা।

লিখিত বক্তব্যে সাবেক পৌর কাউন্সিলর মো. নিয়ামত খান বলেন, ‘২২ আগস্ট থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সব সময় অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের আট নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেন। ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়া ৮ নেতা হলেন ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাস চোকদার, ননীক্ষির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আটজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মনোজ মৌলিক। তিনি বলেন, ‘আমরা ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করছি।

আমরা আমাদের পদত্যাগপত্র দ্রুত মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে পাঠিয়ে দেব।’