ওয়াশিংটনে হবে ২০২৬ বিশ্বকাপের ড্র, ঘোষণা দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ২:১২
ওয়াশিংটনে হবে ২০২৬ বিশ্বকাপের ড্র, ঘোষণা দিলেন ট্রাম্প

বিশ্বকাপ ড্র মানেই ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত। কোন দল কোন গ্রুপে পড়বে, প্রথম রাউন্ডে কে কার মুখোমুখি হবে, সব নির্ধারণ হয়ে যাবে সেই দিনেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়ে দিলেন, কবে কোথায় হবে ২০২৬ বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে সারা বিশ্বে, যেখানে ফিফার আশা এক বিলিয়নেরও বেশি মানুষ দেখবেন অনুষ্ঠানটি।

২০২৬ বিশ্বকাপের ড্র আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে ইনফান্তিনো ট্রাম্পকে বিশ্বকাপ ট্রফি হাতে দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ট্রাম্প বলেন, আয়োজক হওয়া বড় সম্মানের এবং এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ও রোমাঞ্চকর আসর। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে ৪৮ দলের বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

ইতিমধ্যে ১৬ ভেন্যু নির্ধারিত হয়েছে—যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি ও কানাডায় ২টি। আয়োজক তিন দেশের সঙ্গে জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া ও ইকুয়েডর টিকিট নিশ্চিত করেছে। দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে ১০ সেপ্টেম্বর।