নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলায় ডাকসুর নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬
নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলায় ডাকসুর নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)‌। মঙ্গলবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয় , ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংগঠিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয় বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়া সহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এহেন ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। ডাকসু মনে করে এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে সবসময় দৃঢ় অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।