ড. ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ৬:০৯
ড. ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে

সরকারপ্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান পদে ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে বলে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশগুলো সরকারের কাছে দেওয়া হলো, সেখানে আমি বলব, জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, তা থেকে সরকার বহুদূরে সরে গেছে।

গতকাল বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘নোট অব ডিসেন্ট (আপত্তি) ছাড়া গণভোট আয়োজন করার কোনো বিষয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সেটি বাস্তবায়ন করবে– এ বক্তব্য থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না।’

সরকারকে ‘নিরপেক্ষ’ আচরণ করার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা আশা করি, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না, যার মধ্য দিয়ে জাতির বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে।’
গণভোটের দিন নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে মতপার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘গণভোট আগে হওয়ার কোনো যৌক্তিকতা এখন নেই, সময়ও নেই। কারণ, সংসদ নির্বাচনের দিনেই যদি আমরা একটি ছোট্ট ব্যালটে এ গণসম্মতি নিতে পারি, সেটিই হবে সবচেয়ে যৌক্তিক, প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য; অতিরিক্ত ব্যয়ও হবে না।’
বিএনপি ও এনসিপির মধ্যে সমঝোতা হচ্ছে কিনা– প্রশ্নে সালাহউদ্দিন বলেন, ‘রাজনীতিতে এসব বিষয়ে শেষ কথা তো বলা যায় না। তবে এখন পর্যন্ত বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল, যারা যুগপৎ আন্দোলনে ছিল, এর বাইরে যারা গণতান্ত্রিক সংগ্রামে ছিল, কিছু ইসলামিক দলসহ আরও কিছু দলের সঙ্গে আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এনসিপির সঙ্গে জোটবদ্ধ হবো কিনা; তারা আমাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা, সে প্রস্তাব এনসিপির পক্ষ থেকে আসেনি। তবে একদম সেই সমঝোতা বা সেই জোট হবে না– এটিও উড়িয়ে দেওয়া যায় না। সেজন্য আরও অপেক্ষা করতে হবে।’