কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মী আটক
কুমিল্লা নগরীতে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে নগরীর টমছমব্রিজ, ধর্মসাগর পাড় ও বাদুরতলা এলাকায় এ অভিযান চালায় পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের আরও ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো জেলা পুলিশের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানায়নি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম সমকালকে বলেন, আজ ভোর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা মহানগর ও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ২৯ জনকে আটক করেছে। স্থানীয় আওয়ামী লীগের অর্থায়নে ও নির্দেশনায় ওদের নাশকতার পরিকল্পনা ছিল।
কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন সমকালকে বলেন, কুমিল্লা নগরী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিলসহ নাশকতার প্রস্তুতি নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে ২৯ জন এবং জেলার বিভিন্ন স্থানে আরও ১৫ জনসহ মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন