দুই শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা; পুলিশ হেফাজতে শিশুদের বাবা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ৯:৪২
দুই শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা; পুলিশ হেফাজতে শিশুদের বাবা
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ণের খলিশাকান্দি গ্রামে ছোট্ট দুই শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে নিহত শিশুদের বাবাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮ থেকে সাড়ে ৮ টার মধ্যে ঘটনাটি ঘটেছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া সেল) আতোয়ার রহমান বিষযটি নিশ্চিত করেছেন।

শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, শাজাহানপুর থানাধীন খলিশাকান্দি এলাকার বাসিন্দা সেনা সৈনিক মোঃ শাহাদত হোসেন এর বাড়ির শয়ন ঘরের ভিতর তার স্তী মোছাঃ সাদিয়া মোস্তারিম (২৪) নিজের দুই সন্তান মোছাঃ সাইফা (৩) এবং মোঃ সাহালাল সাইফ (১) ধারালো বটি দিয়ে সন্তানদের গলায় পোঁচ দিয়ে হত্যা করার পর নিজে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সৈনিক শাহাদত হোসেন ইস্ট বেঙ্গল, ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত। তিনি চলতি মাসের ২১ তারিখে ৭ দিনের ছুটিতে নিজ বাড়িতে আসেন।

শাজাহানপুর থানার অফিসারর ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বশুর-শ্বাশুড়ী এবং স্বামীর সঙ্গে শিশুদের মা সাদিয়া মোস্তারিমের পারিবারিক কলহ চলছিল।

এর জের ধরেই মা সন্তানদের হত্যা করে পরবর্তীতে নিজে আত্মহত্যা করেন।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হোসাইন মোহাম্মদ রায়হান জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি হত্যামামলাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।