ঈদগাঁওয়ে শিশু অপহরণ: অর্ধলক্ষ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় অপহরণকারী আটক
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে এক শিশু ছাত্রকে অপহরণ করে অর্ধলক্ষ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে আরমান হোসেন (২৬) নামের এক অপহরণকারীকে রামু এলাকা থেকে আটক করেছে র্যাব-১৫। রবিবার (৩০ নভেম্বর) আটক আরমানকে ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়।
আটককৃত আরমান হোসেন কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হামিদুর রহমান পাড়ার বাসিন্দা ও মৃত রশীদ আহমদের ছেলে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, কয়েক দিন আগে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকা থেকে এক স্কুলছাত্রকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা ভিকটিমের পরিবার থেকে অর্ধলক্ষ টাকা মুক্তিপণ আদায় করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা চালিয়ে রামু এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আরমানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি আরও জানান, ভিকটিম পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন