ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ার ওপর নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা আরোপ করার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ নিষেধাজ্ঞার কারণে ভোটাররা কেন্দ্রে যেতে অনুৎসাহিত বোধ করতে পারেন। সেই সাথে নির্বাচন কমিশনেরই অনুমোদিত পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য পেশাগত দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা।

আবার ভোট কেন্দ্রের ভেতরে থাকা প্রার্থীদের এজেন্টরাও নিজ নিজ কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি হতে দেখলে সেটি নিজ প্রার্থী বা তার প্রতিনিধিকে জানাতে পারবেন না।

ফলে সব মিলিয়ে ইসির এ নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচনের ওপর এর প্রভাব নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে, প্রতিক্রিয়া আসছে রাজনৈতিক দলগুলোর দিক থেকেই।

ওদিকে এ নিয়ে তীব্র সমালোচনার মুখে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিবিসি বাংলাকে এ বিধিনিষেধে পরিবর্তন আনার আভাস দিয়েছেন। তিনি বলেছেন, গোপন কক্ষ ছাড়া আর সব ক্ষেত্রে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

কিন্তু কী কারণে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং এই নিষেধাজ্ঞা পুরোপুরি উঠিয়ে না নিলে সাংবাদিক ও পর্যবেক্ষকরা কীভাবে কাজ করতে পারবেন তার বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।