দেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৪
দেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব নিচ্ছেন তিনি।

দেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জিয়ার পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে সরকার বা রাষ্ট্রপ্রধান হচ্ছেন। বিশ্বে গুটিকয়েক রাজনৈতিক পরিবারে তিনজনের সরকার বা রাষ্ট্র প্রধান হওয়ার নজির আছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর দলের হাল ধরেন তাঁর সহধর্মিনী খালেদা জিয়া। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি। এর পর তিনদফা সরকার প্রধানের দায়িত্বে বেগম জিয়া।

বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ও রাষ্ট্রপতি, যার হাত ধরে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

একই পরিবারের রাষ্ট্রপ্রধান হওয়ার নজির ভারতের নেহেরু গান্ধী পরিবারেও। এ পরিবার থেকে জওহরলাল নেহরু, তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী ও ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন।

পাকিস্তানেও পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো, তাঁর মেয়ে বেনজির ভুট্টো  প্রধানমন্ত্রী হন। ২০২৪ সালে বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট।