মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সৌজন্য বৈঠকে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
দায়িত্ব নেওয়ার প্রথম দিন সচিবালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে সৌজন্য বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, ‘এটি মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠক নয়, এটি ছিল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সৌজন্য বৈঠক। বৈঠকে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সেহরি ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বিএনপির যে ১৮০ দিনের একটি পরিকল্পনা আছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি পরিমার্জন করে খুব শীঘ্রই জাতির সামনে তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। বিএনপি জনগণের জন্য কী করতে চায়, তা সেখানে স্পষ্ট করা হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই প্রতিটি মন্ত্রণালয় যেন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান জানিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘সে বিষয়েও তিনি দিকনির্দেশনা দিয়েছেন।’
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপির দেওয়া ইশতেহার বাস্তবায়নের জন্য সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সচিবদের মেধাবৃত্তিক মূল্যায়ন করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ ঠিক রাখার বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’


আপনার মতামত লিখুন