৫ দিনের যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত হওয়ার দাবি ইরানের

ডেস্ক নিউজ
প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ২:৫২
৫ দিনের যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত হওয়ার দাবি ইরানের

পাঁচ দিনের যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ১৯তম হামলা চালিয়েছে ইরান। এই অভিযানকে ট্রু প্রমিস ফোর নামে ঘোষণা করেছে ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)।

ইরানের প্রেস টিভি এবং আইআরজিসি-সংযুক্ত তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইসরায়েল এবং মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হচ্ছে। একটি অস্ত্রবাহী ইসরায়েলি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান।

এদিকে কুয়েতের মুবারক আল-কাবিরের কাছে একটি ট্যাংকারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের কাছে থাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে শনিবার থেকে ইরানের ১৫০টির বেশি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানসহ বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটছে। হামলায় সামরিক সদর দপ্তর এবং রাজনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হচ্ছে।