ইরানে কয়েক সপ্তাহ স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ৫:০৬
ইরানে কয়েক সপ্তাহ স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে কয়েক সপ্তাহ ধরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। ওই কর্মকর্তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্থলবাহিনী মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করেননি।

তিনি এমন কিছুর অনুমোদন দেবেন, কিনা তা জানা নেই বলেও জানিয়েছেন ওই কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থল অভিযান নিয়ে এখন যে পরিকল্পনা রয়েছে, তাতে পুরো মাত্রায় হামলা চালানো হবে না। বরং স্পেশাল অপারেশন্স ফোর্সেস ও প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চার হাজারের বেশি মেরিন সেনা বর্তমানে উপসাগরের দিকে অগ্রসরমান জাহাজগুলোতে অবস্থান করছে। এছাড়া ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা প্রস্তুত অবস্থায় রয়েছে এবং আরও অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে।

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউজ ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।