আ.লীগের আইন বিষয়ক সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ এখন এপিপি

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ১০:৩৬
আ.লীগের আইন বিষয়ক সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ এখন এপিপি

কক্সবাজার পৌর আওয়ামী লীগের ১০ নং ওয়ার্ডের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট উজ্জ্বল কান্তি দাশ (৩৫) সহকারী পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩) পদে নিয়োগ পেয়েছেন। এ ঘটনায় বিএনপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে বিস্ময় ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশের ঘনিষ্ঠ অনুসারী। দীপক দাশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ও হত্যা মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি পলাতক। তার অনুসারী উজ্জ্বলের এমন সংবেদনশীল পদে নিয়োগে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ হোসেন বলেন, “স্বৈরাচারের দোসর হয়েও উজ্জ্বল কিভাবে এ পদে এলেন তা বিস্ময়কর। অনতিবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

অভিযোগ আছে, উজ্জ্বল পৌরসভার বিভাগীয় বনকর্মকর্তার পাশে সরকারি জমিতে বসবাস করছেন। তবে এডভোকেট উজ্জ্বল দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পেয়েছি। কিছু মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

পৌর আওয়ামী লীগের ১০ নং ওয়ার্ডে পদে থাকার প্রশ্নে তিনি সরাসরি উত্তর এড়িয়ে যান।