আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস
আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। এই দিনে সংঘটিত হয়েছিল বদর যুদ্ধ, যা মুসলমানদের প্রথম বড় সামরিক বিজয় হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। ৬২৪ খ্রিস্টাব্দে (১৭ রমজান, ২ হিজরি) নবী করিম (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক সাহাবি মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনীর মুখোমুখি হন বদর নামক স্থানে। সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও মুসলমানরা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস, সাহস এবং ঐক্যের মাধ্যমে ঐ যুদ্ধে বিজয় অর্জন করেন।
ইসলামের জয়জয়কার দেখে মক্কার কাফেররা আশঙ্কা করছিল— ইসলামের এই উত্থান তাদের বাণিজ্যিক পথের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই মুসলমানদের শক্তি চিরতরে দমন করার উদ্দেশ্যে অর্থ সংগ্রহ ও অস্ত্র ক্রয়ের লক্ষ্যে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার একটি বড় বাণিজ্য কাফেলা শামের উদ্দেশ্যে রওনা হয়। মক্কার প্রতিটি ঘর থেকে সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে গঠন করা হয় এক বিশাল বাণিজ্য বহর। প্রায় এক হাজার মালবাহী উটের এই কাফেলাটি পাহারা দিচ্ছিল ৪০ জন সশস্ত্র অশ্বারোহী যোদ্ধা।
বিষয়টি মুসলমানরাও আঁচ করতে পেরেছিলেন। তাই শাম থেকে ব্যবসা শেষে কাফেলাটি ফিরে আসার পথে সেটিকে প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুসলমানদের কাছে এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। কারণ, মক্কার কাফেররা তাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র ও আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তবে বিষয়টি টের পেয়ে আবু সুফিয়ান দ্রুত মক্কায় সাহায্যের জন্য খবর পাঠান।
তিনি খবর দেন যে মুসলমানরা তার বাণিজ্য কাফেলার ওপর হামলা চালিয়েছে। এ খবর পেয়ে আবু জাহেলের নেতৃত্বে প্রায় এক হাজার সশস্ত্র যোদ্ধার একটি বিশাল বাহিনী মদিনার দিকে রওনা হয়। অথচ মুসলমানরা তখন পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হননি; তাদের মূল উদ্দেশ্য ছিল কেবল আবু সুফিয়ানের কাফেলাকে আটকানো।
এই যুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে কয়েকটি প্রত্যক্ষ কারণ কাজ করেছিল। এর মধ্যে ছিল নাখলার খণ্ডযুদ্ধ, কাফেরদের রণপ্রস্তুতি, আবু সুফিয়ানের অপপ্রচার, যুদ্ধসংক্রান্ত ঐশী নির্দেশনা লাভ এবং মক্কাবাসীর ক্রমবর্ধমান ক্ষোভ।
অন্যদিকে কিছু পরোক্ষ কারণও ছিল। যেমন—মদিনায় ইসলাম সুসংগঠিতভাবে প্রতিষ্ঠিত হওয়ায় কুরাইশদের হিংসা, আবদুল্লাহ ইবনে উবাইদা ও কিছু ইহুদি গোষ্ঠীর ষড়যন্ত্র, কুরাইশদের যুদ্ধের হুমকি, তাদের বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা, ইসলামের ক্রমবর্ধমান শক্তি ধ্বংস করার পরিকল্পনা এবং সর্বোপরি রাসুল (সা.)-কে চিরতরে নিশ্চিহ্ন করার কাফেরদের অশুভ বাসনা।
যুদ্ধের ফলাফল
বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের অধিকাংশই ছিল প্রায় নিরস্ত্র, আর যুদ্ধের সরঞ্জামও ছিল অত্যন্ত সীমিত। অন্যদিকে কুরাইশদের পক্ষ থেকে অবিশ্বাসীদের নেতা আবু জাহালের নেতৃত্বে প্রায় এক হাজার প্রশিক্ষিত সৈন্যের সুসজ্জিত বাহিনী যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল। বাহ্যিক শক্তি ও সামরিক প্রস্তুতির দিক থেকে এই যুদ্ধ ছিল এক অসম এবং প্রায় অসম্ভবের লড়াই।
কিন্তু মানুষের হিসাব-নিকাশের ঊর্ধ্বে রয়েছে মহান আল্লাহর অশেষ কুদরত। বদরের প্রান্তরে সেই কুদরতেরই এক অবিস্মরণীয় প্রকাশ ঘটে। আল্লাহতায়ালা তার ওপর ভরসা রাখা ক্ষুদ্র কিন্তু ইমানদীপ্ত দলটিকে বিজয় দান করেন। এভাবেই বদরের ময়দানে ন্যায় ও অন্যায়ের এক নতুন ইতিহাস রচিত হয়, যা যুগ যুগ ধরে মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
যুদ্ধের আগে আল্লাহর রাসুল (সা.) গভীর আবেগ ও আকুতি নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন—হে আল্লাহ! তুমি যদি চাও, পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ না থাকুক, তাহলে এ ক্ষুদ্র দলটিকে নিশ্চিহ্ন হতে দাও।
আল্লাহতায়ালা তাঁর প্রিয় নবীর সেই দোয়া কবুল করেন। কুরাইশদের অহংকার ও দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দেন এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে, বাহ্যিক উপায়-উপকরণই সবকিছু নয়; প্রকৃত শক্তি নিহিত থাকে ইমান ও আল্লাহর ওপর নির্ভরতার মধ্যে।
বদরের যুদ্ধে কুরাইশদের পক্ষ থেকে ৭০ জন নিহত হয় এবং আরও ৭০ জন বন্দি হয়। অন্যদিকে মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র ১৪ জন সাহাবি। যুদ্ধের এই ফলাফল ছিল মানুষের কল্পনারও বাইরে। কিন্তু এটিই ছিল মহান আল্লাহর অসীম কুদরতের প্রমাণ—তিনি চাইলে স্বল্পসংখ্যক মানুষ দিয়েও বৃহৎ শক্তিকে পরাজিত করতে পারেন।
বদর যুদ্ধের প্রভাব
বদর যুদ্ধের বিজয় শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং এর রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রভাব ছিল অত্যন্ত গভীর। এই বিজয়ের মাধ্যমে মদিনা রাষ্ট্র একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আরবে আত্মপ্রকাশ করে। ইসলাম যে কেবল একটি ধর্ম নয়, বরং একটি সুসংগঠিত রাষ্ট্রশক্তি, তা আরবের গোত্রগুলোর কাছে স্পষ্ট হয়ে যায়।
এ ছাড়া আবু জাহেলসহ কুরাইশদের শীর্ষ নেতাদের মৃত্যুতে মক্কায় নেতৃত্বের শূন্যতা তৈরি হয়। কুরাইশদের প্রধান বাণিজ্য পথ অনিরাপদ হয়ে পড়ে, যা মক্কার অর্থনীতিকে পঙ্গু করে দেয়। অন্যদিকে, গনিমতের মাল মুসলমানদের অভাব দূর করতে সাহায্য করে। বদর যুদ্ধের বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। তারা বুঝতে পারে যে সংখ্যা বা সম্পদে কম হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে যেকোনো অপশক্তিকে পরাজিত করা সম্ভব।


আপনার মতামত লিখুন