ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২শে ডিসেম্বর) ভোরে সেন্ট্রাল জাভার সেমারাং শহরের ক্রাপিয়াক হাইওয়ে ইন্টারচেঞ্জে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা ‘সার’ এর প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, ‘চাহায়া ট্রান্স’ নামক বাসটি রাজধানী জাকার্তা থেকে প্রাচীন রাজকীয় শহর ইয়োগিয়াকার্তার দিকে যাচ্ছিল। হাইওয়ের একটি বাঁক নেওয়ার সময় বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের কংক্রিট ব্যারিয়ারে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়।

বাসটিতে চালকসহ মোট ৩৪ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
১৮ জন আহত যাত্রীকে উদ্ধার করে সেমারাংয়ের দুটি নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে প্রায় ৪০ মিনিটের মধ্যে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি উল্টে যাওয়ার ফলে অনেক যাত্রী ভেতরে আটকা পড়েছিলেন। কাঁচ ভেঙে এবং বাসের বডি কেটে তাদের বের করে আনা হয়। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, হলুদ রঙের বাসটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে আছে এবং উদ্ধারকারীরা মৃতদেহগুলো সরিয়ে নিচ্ছেন।