ইরানে হামলায় বিশ্বজুড়ে বাড়ল জ্বালানি তেলের দাম
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আজ সোমবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
সোমবার এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই দেখা গেছে, ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল দুইটির দামই ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন বলছে, বাড়ার পর কিছুটা কমলেও দাম এখন উর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩০ ডলার, যা প্রায় ৯ শতাংশ বেশি।
অন্যদিকে, নিমেক্স লাইট সুইট অয়েলের দাম প্রায় ৭২ দশমিক ৭০ ডলার, যা প্রায় আট দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।
শনিবার থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান খুব ভালোভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে বলেও জানান তিনি।
হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।
এদিকে, ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ করে হামলা করেছ ইসরায়েল।


আপনার মতামত লিখুন