ইরানের ‘পক্ষ নেওয়ায়’ মার্কিন বিজ্ঞাপন চুক্তি হারালেন জাপানের সাবেক ফুটবলার হোন্ডা

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ১২:৪০
ইরানের ‘পক্ষ নেওয়ায়’ মার্কিন বিজ্ঞাপন চুক্তি হারালেন জাপানের সাবেক ফুটবলার হোন্ডা

আসন্ন বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের অংশগ্রহণের পক্ষে মত দেওয়ার পর যুক্তরাষ্ট্রে একটি বিজ্ঞাপনী চুক্তি হারিয়েছেন জাপানের সাবেক ফুটবলার কেইসুকে হোন্ডা। খবর আল-জাজিরা

 

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ৩৯ বছর বয়সী হোন্ডা জানান, একটি মার্কিন কোম্পানির সঙ্গে তার বিজ্ঞাপন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করার পর সেই বিজ্ঞাপনটি ‘স্থগিত’ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার এক পোস্টে হোন্ডা লিখেছিলেন, ‘আমি জানি বিষয়টি খুবই সংবেদনশীল, কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই তারা (ইরান) বিশ্বকাপে অংশগ্রহণ করুক।’

হোন্ডার এই মন্তব্যটি আসে ইরানের ক্রীড়ামন্ত্রীর এক বক্তব্যের পর, যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনার পর ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

পরে আরেকটি পোস্টে হোন্ডা জানান, বিশ্বকাপকে সামনে রেখে যে বিজ্ঞাপনটি চূড়ান্ত হওয়ার কথা ছিল, সেটি তার ওই মন্তব্যের কারণে বাতিল করা হয়েছে।

তিনি লেখেন, ‘মনে হচ্ছে আমার এই বক্তব্যের কারণে একটি মার্কিন কোম্পানি বিশ্বকাপ উপলক্ষে চূড়ান্ত হওয়ার পথে থাকা বিজ্ঞাপনটি বাতিল করেছে। এমন কোম্পানির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে ইচ্ছা নেই, যারা বিষয়ের মূল অর্থ না বুঝে বিকৃত চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।’

২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাপানের হয়ে খেলা হোন্ডা জাতীয় দলের হয়ে ৩৮টি গোল করেছেন। তিনি ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে জাপানের প্রতিনিধিত্ব করেন এবং দেশের অন্যতম সফল ফুটবলার হিসেবে পরিচিত।