ইসরাইলের বিমান হামলার জবাব ড্রোন-ক্ষেপণাস্ত্রে দিলো হুতি
ডেস্ক নিউজ
প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ৩:৩১
ইয়েমেনের হোদেইদা বন্দরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। হামলার পর গোষ্ঠিটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইসরাইলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। স্থানীয় সময় সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘাঁটি ধ্বংসে অভিযান চালানো হয়েছে। তেল আবিবের দাবি, এই বন্দর দিয়ে অস্ত্র পাচারের মাধ্যমেই ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালায় গোষ্ঠীটি।
জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি। মঙ্গলবার (২২ জুলাই) গোষ্ঠীটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, ইসরাইলের তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর, আশদোদ, জাফা ও ইলাত বন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে।
এছাড়া বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে পৃথক এক হামলায় ‘প্যালেস্টাইন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে বলেও জানান হুতি মুখপাত্র।
তিনি আরও জানান, হোদেইদায় ইসরাইলি আগ্রাসন ও গাজায় অব্যাহত বোমাবর্ষণের জবাবেই এই হামলা চালানো হয়। যদিও তেল আবিবের দাবি, ইয়েমেনের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হুতিদেরকে এই হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ।
অক্টোবর ২০২৩-এ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হোদেইদায় অন্তত ১২ দফায় হামলা চালিয়েছে ইসরাইল। পাল্টা ইসরাইলগামি জাহাজে হামলা অব্যাহত রেখেছে হুতিরা। গোষ্ঠীটি নিজেদের ড্রোন নেটওয়ার্কও বিস্তৃত করেছে বলে ধারণা বিশ্লেষকদের।


আপনার মতামত লিখুন